ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশসেরা ইন্টেরিয়র ডিজাইনার খুঁজতে আইডেব অ্যাওয়ার্ড

দেশসেরা ইন্টেরিয়র ডিজাইনার খুঁজতে আইডেব অ্যাওয়ার্ড
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৬:২৮

দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬। আগামী ৫ আগস্ট থেকে এ প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ শুরু হবে।

রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আসরে ব্যাপক সাড়া পাওয়ায় এবার আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি আগের অভিজ্ঞতার আলোকে বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা ও সামগ্রিক আয়োজনকে আরও কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আইডেবের ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে। দেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি নির্ধারিত নিয়ম অনুসরণ করে তাঁদের সম্পন্ন করা প্রকল্প অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়ন পদ্ধতি এবং অন্যান্য তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইডেব) সভাপতি সৈয়দ কামরুল আহসান, অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন, ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান, সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, উপদেষ্টা শফিউল ইসলাম এবং আইডেবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আইডেব সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এ শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে দেশের মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি পাবেন। একই সঙ্গে পেশাগত মানোন্নয়ন এবং ক্লায়েন্টদের কাছে গুণগত ডিজাইনের গুরুত্ব তুলে ধরতেও এ প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

এ সময় অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সময়সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬ আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)। আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।

আরও পড়ুন

×