বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল আমদানিতে আগ্রহী মালয়েশিয়া
ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০৩:৫০
বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সনদ, কোয়ারেন্টাইন ব্যবস্থা, আন্তর্জাতিক স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা হয়েছে। গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাতে এ বিষয় উঠে আসে। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা বাস্তবায়নে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড পূরণ এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে। এ ছাড়া বৈঠকে মাছ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি আন্তর্জাতিক হালাল মাংসের বাজারে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান।
বৈঠকে বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান হাসনল উপস্থিত ছিলেন।
- বিষয় :
- কৃষিমন্ত্রী
- মালয়েশিয়া