রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৪:১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। এবার সাতটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের যাতায়াত ও অবস্থানের ভোগান্তি কমাতে এবার সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে। শহরগুলো হলো ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- ভর্তি পরীক্ষা