ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এআইইউবি’র উদ্যোগে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

এআইইউবি’র উদ্যোগে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ১৫:০১

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’। সোমবার ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে এই ফোরামের আয়োজন করা হয়। 

কিউএস (কোয়াকুয়ারেলি সাইমন্ডস) আয়োজিত এ ফোরামটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সহযোগিতায় ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্ল্যাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি তার বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ১৯৯২ সালে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও বর্তমান সময়ে এসে এগুলোতে গবেষণার আরও বিস্তৃত সুযোগ তৈরি করা প্রয়োজন। শিক্ষামন্ত্রী প্রশ্ন রাখেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে না?’ 

তিনি ক্রস-বর্ডার শিক্ষা ও প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণার ওপর জোর দিয়ে জানান, দেশে শিক্ষক ও গবেষকের কোনো সংকট নেই। হাজারো গবেষক তাদের দক্ষতা ও জ্ঞান দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন উল্লেখ করে আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনও অনেক পিছিয়ে। এ অবস্থার উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পারস্পরিক পার্থক্য ভুলে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন ইউজিসি চেয়ারম্যান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও এপিইউবির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। এছাড়া কিউএসের ভাইস প্রেসিডেন্ট ড. অশ্বিন ফার্নান্দেজ, চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান, রিজিওনাল পার্টনারশিপ বিষয়ক পরিচালক রামি আওয়াদ এবং এপিইউবির সভাপতি ড. মো. সবুর খান বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার।

উদ্বোধনী পর্বের পর ‘কিউএস র‌্যাঙ্কিংস মেথডোলজি’ এবং ‘কিউএস র‌্যাঙ্কিংস ২০২৮ সাইকেল’ বিষয়ে পৃথক দুটি সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় এবং উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অংশগ্রহণে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে ধন্যবাদ বক্তব্য দেন এআইইউবির সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা।

ফোরামে শিক্ষাবিদ, নীতিনির্ধারক, সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ শিল্প খাতের শীর্ষ ব্যক্তিবর্গ অংশ নেন। আয়োজকেরা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, গবেষণার বৈশ্বিক দৃশ্যমানতা বৃদ্ধি এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৮-কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভিন্ন উন্নয়ন রোডম্যাপ তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হলো। সংবাদ বিজ্ঞপ্তি। 
 

আরও পড়ুন

×