অর্থনৈতিক সুসম্পর্ক ঠিক থাকলে অন্যান্য সম্পর্কও এগোবে: দীনেশ ত্রিবেদী
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৩:১৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১৩:৪৬
বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, অর্থনৈতিক সম্পর্ক ঠিক থাকলে দুই দেশের অন্যান্য সম্পর্কও ভালোভাবে এগিয়ে যাবে। দুই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম উন্নয়ন চায় উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করা সবার দায়িত্ব।
সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
বৈঠকে দুই দেশের স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করা, বন্ধ থাকা সীমান্ত হাটগুলো পুনরায় চালু এবং স্থলপথে ভারত থেকে সুতা আমদানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনীতির বিষয়ে কিছু ইস্যু থাকবে। তবে দুই দেশের সাধারণ মানুষ কিন্তু উন্নয়ন চায়। বিশেষ করে তরুণ প্রজন্ম। সেজন্য উভয়ের উন্নয়নে আমরা কাজ করব। এটা আমাদের সবারই দায়িত্ব।’
তিনি বলেন, ‘সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার। সেটি ঠিক থাকলে অন্যান্য সম্পর্কগুলোও ভালোভাবে এগিয়ে যাবে।’
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। তবে গত দেড় বছরে ভারতের সঙ্গে বাণিজ্যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বৈঠকে নির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরা হয়েছে এবং কীভাবে আগামী দিনে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বিপক্ষীয় বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়েই আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘ভারতের স্থলবন্দরগুলো পুরোপুরি ফাংশনাল করা, বর্ডার হাটগুলো পুনরায় চালু করা এবং ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি-যেটা এখন প্রহিবিটেড-সেটা আবার পুনরায় চালু করার ব্যাপারে আমাদের নজরে এনেছেন।’
দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনারের উদ্যোগে এবং তার দায়িত্বকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি বিশ্বাস করেন।
বাণিজ্যমন্ত্রী জানান, কয়েক দিন আগে ভারতের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করেছে। তারাও দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্যও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি টাস্কফোর্স করার প্রস্তাব এসেছে।
তিনি বলেন, ‘এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে।’
দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগে পণ্য উৎপাদনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ‘দুই দেশের একটা জয়েন্ট ভেঞ্চার প্রোডাকশনও দরকার। এখানকার গার্মেন্টস তো সবচেয়ে ভালো। আমরা জিপার সাপ্লাই করতে পারি, মেশিনারি সাপ্লাই করি, বোতাম সাপ্লাই করতে পারি। তাহলে কী-একটা ইন্টারডিপেন্ডেন্সি হবে।’
বাংলাদেশের তৈরি পোশাকের প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে গেলে কোনো শার্ট বা টি-শার্ট কিনে লেবেলে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা দেখলে তার খুব ভালো লাগে। বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেখানে এত ভালো গার্মেন্টস খাত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সঙ্গে ভারতের বিভিন্ন খাতের যৌথ উদ্যোগের অনেক সুযোগ রয়েছে। মূলত দুই দেশ একসঙ্গে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবে।
- বিষয় :
- বাংলাদেশ
- ভারত
- দীনেশ ত্রিবেদী
- ভারতীয় হাইকমিশনার