ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব চাইবে দুদক

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব চাইবে দুদক
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৫২

আওয়ামী লীগের সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপিসহ তিন জনের সম্পদের হিসাব চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন এই তিনজনের সম্পদের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে। শিগগির তাদের ঠিকানায় নোটিশগুলো পাঠানো হবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, ফারহানা রহমান হ্যাপির নামে জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অর্জিত সম্পদের আয়ের উৎস যাচাই করতে তার কাছে তার নামে-বেনামে থাকা সম্পদের তথ্য চাওয়া হবে। 

মানিকগঞ্জের সাবেক ঘিওর উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির নামে প্রাথমিক অনুসন্ধানে ৬৯ লাখ ৯৪ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। তার নামে আরও সম্পদ আছে কিনা তা যাচাই করতে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হবে।

এছাড়াও মো. আবুল বাশার ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত অর্থসহ তার নামের ১৪টি ব্যাংকে সর্বমোট ৮৬ কোটি ৮০ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়। আরও সম্পদ থাকার সম্ভবনা রয়েছে বিধায় তার অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অর্জিত সম্পদের আয়ের উৎসের সঠিকতা যাচাই করার জন্য তার কাছে সম্পদ বিবরণী দাখিল করা হবে।

সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তার নামের ২২ টি ব্যাংক হিসেবে মোট ৯৩ কোটি ৬৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মামলা করে। মামলাটি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

×