আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে তুলে ধরা হবে বাংলাদেশের সম্ভাবনার কথা
শামা ওবায়েদ ইসলাম
সমকাল প্রতিবেদক ও সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধান, জলবায়ু তহবিলের মতো বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।
গতকাল শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি–এনআরবি এ অনুষ্ঠানের আয়োজন করে।
২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সম্মেলন শুরু হতে যাচ্ছে। এবারের অধিবেশনে দারিদ্র্যবিমোচন, জলবায়ু পরিবর্তন, মহামারি প্রতিরোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং টেকসই উন্নয়ন অধিকার ঘোষণার ৪০তম বার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করবেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজতর করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৭ সালের মধ্যে দুই লাখ ‘প্রবাসী কার্ড’ ইস্যু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, জাতিসংঘ সম্মেলনে শুধু স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটছে এমন দেশ হিসেবে নয়, বরং বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, সক্ষম ও রূপান্তরমুখী অর্থনীতি হিসেবে উপস্থাপন করা উচিত।
‘দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে’
দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গতকাল বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে বলা হচ্ছে, দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেল না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?
তিনি বলেন, লংমার্চে তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত, সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্কবিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের হাত ধরেই তা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
- বিষয় :
- জাতিসংঘ