ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
×

ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৩ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রোববার সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩ জেলার বিভিন্ন কলেজের ১ হাজার ৪৭২ জন অ্যাথলেট ও খেলোয়াড় অংশ নিচ্ছেন। জেলার পর্যায়ে বিভিন্ন ইভেন্টে সেরা খেলোয়াড়েরা বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৮ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঢাকা বিভাগের প্রতিযোগিতা শেষ হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আনন্দময় ও মানবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যেই অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর মধ্যে ক্রীড়া চর্চার জোয়ার সৃষ্টি করা সম্ভব হলে এর ইতিবাচক প্রভাব সারা দেশের শিক্ষাঙ্গনে পড়বে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিকল্প নেই।

শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের অনেকেরই শৈশব হারিয়ে গেছে। এখন আমরা আবার সেই শৈশবকে ফিরিয়ে আনার, কৈশোর ও যৌবনের আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ সরকারের চাহিদা ও আগ্রহ অনুযায়ী সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ঢাকা বিভাগ দিয়ে শুরু হওয়া এ ক্রীড়া আয়োজন পর্যায়ক্রমে দেশের অন্য সাতটি বিভাগেও অনুষ্ঠিত হবে। তরুণ সমাজকে সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়া প্রয়োজন। শুধু সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ঢাকা বিভাগের বিভিন্ন কলেজ থেকে আসা প্রতিযোগীদের অনেকেই ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসানসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা, বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×