হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুই ছুই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫২
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুই ছুই করছে। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪-এ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯৪ জনের।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৫৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনের শরীরে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৯৬ জনের। চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।
ঢাকায় মৃত্যু বেশি
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বিভাগে মারা গেছেন ৪০১ জন। এরপর সিলেট বিভাগে ১৫৫, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, খুলনায় ৩৬ ও রংপুরে ১৪ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে মৃতদের বয়সভিত্তিক তথ্য দেওয়া হয়নি।
রোগতত্ত্ববিদরা বলছেন, হাম যে কোনো বয়সের মানুষের হতে পারে। তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু হয়, সেগুলোকে হামের কারণে মৃত্যু হিসেবেই বিবেচনা করা হয়।
- বিষয় :
- হামলা
- হামের উপসর্গ