প্রোটিন কুকিং চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন ঢাকার ফারজানা
বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৮ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৯
প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার খন্দকার ফারজানা ইয়াসমিন। শনিবার রাজধানী ঢাকায় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘প্রোটিন দিয়ে আপনার খাবারের পুষ্টি বাড়ান’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট, খুলনা ও ঢাকায় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এসব পর্ব পেরিয়ে ২০ জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার সুযোগ পান।
গ্র্যান্ড ফাইনালে রান্নার নৈপুণ্য ও বিচারকদের মূল্যায়নে খন্দকার ফারজানা ইয়াসমিন প্রথম স্থান অর্জন করেন। ঢাকার মো. নাহিদ হাসান প্রথম রানারআপ এবং খুলনার মো. মিরাজুল ইসলাম দ্বিতীয় রানারআপ হন। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে সিলেটের প্রেইজি সিনহা এমি ও ঢাকার ফারহানা আক্তার নিপা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকেরা বলেন, সহজলভ্য ও পুষ্টিকর খাবারের মাধ্যমে মানুষের পুষ্টি নিশ্চিত করা, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং শিশুদের মেধা বিকাশে সহায়তা করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পোল্ট্রি মাংস, ডিম ও সয়াবিনকে দৈনন্দিন খাদ্যতালিকায় প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের বাংলাদেশ মার্কেট লিড হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, রন্ধনবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা এবং পুষ্টিবিদ ইসরাত জাহান প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।