ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সার সংকট

সারের দাবিতে লালমনিরহাটে সড়কে বিক্ষোভ, কুড়িগ্রামে গুদাম ভাঙচুর

সারের দাবিতে লালমনিরহাটে সড়কে বিক্ষোভ, কুড়িগ্রামে গুদাম ভাঙচুর
×

সারের দাবিতে গতকাল রোববার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন কৃষকরা। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৩ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:১৩

সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার না পেয়ে পরিবেশকের গুদাম ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে।

গতকাল রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন গোডাউনের সামনে বিক্ষোভ করেন কৃষকরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার গিয়ে কৃষকদের সার বিতরণে আশ্বস্ত করলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন তারা। 

কৃষকরা অভিযোগ করেন, টাকা দিয়েও সঠিক সময়ে সার না পাওয়ায় আমন আবাদ ব্যাহত হচ্ছে। খুচরা বাজার ও ডিলার পয়েন্টে সার পাচ্ছেন না তারা।

জেলা প্রশাসক রাসেদুল হক প্রধান বলেন, জেলায় কোনো সংকট নেই। সকালে বৃষ্টি হওয়ায় সার দিতে দেরি হওয়ায় কৃষকরা কিছুটা উত্তেজিত ছিল। পরে সার বিতরণ শুরু হয়। 

নাগেশ্বরীতে সার দিতে দেরি হওয়ায় গুদাম ভাঙচুর

সার দিতে দেরি হওয়ায় গতকাল রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন কৃষকরা। অন্যদিকে, সারের দাবিতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। 

কৃষকরা জানান, সার নেওয়ার জন্য সকাল ৭টা থেকে নাগেশ্বরীর কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্সের সামনে কৃষকরা জড়ো হতে থাকেন। ৮টার পরও পরিবেশকের লোকজন না আসায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এক পর্যায়ে সেখানে প্রায় ২০০ কৃষক জড়ো হন। ৯টার দিকে কৃষকরা হইচই শুরু করেন। এ সময় কয়েকজন গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস বলেন, গুদামে পর্যাপ্ত সার ছিল। পরিবেশক কিছুটা দেরিতে আসায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার বিতরণ করা হয়। 

এদিকে ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের মিলনবাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করেন কৃষকরা। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।

শৈলকুপায় সারের কৃত্রিম সংকট তদন্তে কমিটি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ডিলার পয়েন্টে মজুত রেখে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ তদন্তে কমিটি করা হয়েছে। গত শনিবার বিকেলে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. নোমান হোসেনের স্বাক্ষরে তিন সদস্যের এই কমিটি করা হয়। কমিটিকে সোমবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত কমিটির সদস্যরা প্রতিবেদন দেবেন এবং তাদের সুপারিশের ভিত্তিতেই ডিলারশিপ বাতিলে যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করাসহ অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে তাকে শোকজ করা হয়েছে।

 (প্রতিনিধিদের পাঠানো তথ্য)

আরও পড়ুন

×