ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা মন্ত্রীর

ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা মন্ত্রীর
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৫:৩৪

আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করতে আশাবাদী প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রথম দুই-তিনটি ফ্লাইটে কর্মীরা বিনা খরচে মালয়েশিয়া যেতে পারবেন। এ জন্য অনলাইনে আবেদন নিয়ে লটারির মাধ্যমে কর্মী বাছাইয়ের পরিকল্পনা করছে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘ডিসেম্বর বিজয়ের মাস। আমরা চাই এই মাসে কর্মীদের যাত্রা শুরু হোক। প্রথম দুই-তিনটা ফ্লাইটে কর্মীরা বিনা খরচে যাত্রা শুরু করুক। পাশাপাশি অন্যান্য চাহিদাপত্রের ভিত্তিতেও কর্মী পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে।’

দ্রুততম সময়ে মালয়েশিয়া থেকে কর্মীর চাহিদাপত্র আনার চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, বিনা খরচে কর্মী পাঠানো হবে। এ ক্ষেত্রে কর্মীদের কোনো টাকা দিতে হবে না। অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নেওয়া এবং আবেদনকারীদের মধ্য থেকে অনলাইন লটারির মাধ্যমে কর্মী বাছাইয়ের পরিকল্পনা রয়েছে।

সভায় বেসরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় সর্বোচ্চ আড়াই থেকে তিন লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেন রিক্রুটিং এজেন্টরা। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মীদের বিনা খরচে পাঠানোর কথা জানানো হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, সবাই একমত হয়েছেন যে অভিবাসন ব্যয় সর্বোচ্চ আড়াই থেকে তিন লাখ টাকা হতে পারে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সব বৈধ এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রণালয়। আগামী ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। এর বেশি অর্থ নেওয়া যাবে না। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এজেন্সির অবহেলা বা অনিয়মের কারণে যাতে দরিদ্র কর্মীরা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সতর্ক নজর রাখার নির্দেশ দেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×