‘মাইয়াডায় পরীক্ষা দিতে গেল, আইলো লাশ হইয়া’
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০৪:৩২
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দু্ই দিন পর ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে পাওয়া যায় তার মরদেহ। সেখান থেকে মেয়েটির বাড়ি খুব কাছেই। স্বজনের তথ্যমতে, টেস্ট পরীক্ষার দেওয়ার জন্য গত মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।
ওই কিশোরী বাড়ি না ফেরায় গত মঙ্গলবার থেকে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করে নানা এলাকায় মাইকিংও করা হয়েছিল। পরে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মেয়েটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ কর্মকর্তাদের ধারণা, এই কিশোরীকে গলা টিপে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তারা।
স্বজনরা জানান, পায়ের জুতার সূত্র ধরে খুঁজতে গিয়ে গতকাল সকালে মেয়েটির মরদেহের সন্ধান পাওয়া যায়। এ সময় পাশে একটি ফাইলে তার পরীক্ষার প্রবেশপত্রসহ কিছু কাগজপত্রও পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় তার মা-বাবা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন।
ভুক্তভোগীর মা বিলাপ করতে করতে বলেন, ‘মাইয়াডায় পরীক্ষা দিতে ঘর থেকে বের হইয়া গেল, আর আইলো লাশ হইয়া।’ যারা তার মেয়েকে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানান তিনি।
এই কিশোরীর বাবা বলেন, ‘আমি মেয়ে হত্যার বিচার চাই, আর কিছু চাই না।’ যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তাদের কাছে মিনতি জানান।
মেয়েটির এক সহপাঠী বলেন, ‘প্রতিনিয়ত সমাজে এ ধরনের হত্যা-ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। আমরা সহপাঠীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’ এসব দাবিতে শুক্রবার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনেও শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দলের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা যৌথভাবে তদন্ত করছেন।
- বিষয় :
- পটুয়াখালী
- স্কুলছাত্রী
- পরীক্ষা