ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজ

১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার অধ্যক্ষ, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার অধ্যক্ষ, শিক্ষার্থীদের বিক্ষোভ
×
×

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ০১:৪১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ | ০১:৪৫

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তবে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এতে দুজন আহত হয়েছেন বলে দাবি তাদের। তাদের একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধ্যক্ষকে নিয়ে যাওয়ার পরও রাত সাড়ে ১২টার পর শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ও লাঠিচার্জেরও প্রতিবাদ জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী সমকালকে বলেন, ‘আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। কিন্তু শিক্ষকরা পুলিশ নিয়ে এসে আমাদের ওপর লাঠিচার্জ করিয়েছেন। আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন। একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।’

যেভাবে বিরোধের শুরু
মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত। পূজার ছুটির আগে কলেজের তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা করা হয়। তবে অনুষ্ঠান শেষ হয় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলায় সমন্বয়কারী দুই শিক্ষার্থীর হলের আসন বাতিলের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। পরে ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দাবি করা হয়। এই দাবিকে অযৌক্তিক বলে প্রতিবাদ শুরু করেন তারা।

কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী তাবাসসুম বলেন, জরিমানা মওকুফের অনুরোধ জানাতে গিয়ে এক শিক্ষার্থী অধ্যক্ষের পা ধরেছিলেন। কিন্তু অধ্যক্ষ তাকে পা দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তাবাসসুমের ভাষ্য, ‘দুইটা স্টুডেন্টের সিট অযৌক্তিকভাবে বাতিল করার কারণেই এই আন্দোলনটা। আমরা ম্যাডামের কাছে হাত-পা জোর করে ক্ষমা চাইলে ম্যাডাম বলেন, আমাদের সরি অ্যাকসেপ্ট করেছেন এবং শাস্তিস্বরূপ এক রাতের অডিটোরিয়ামের বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দিতে হবে। আমাদের স্টুডেন্টদের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না।’

শিক্ষার্থীদের আরও অভিযোগ, প্রায় এক বছর আগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে বর্তমান প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই অধ্যক্ষ একের পর এক অযৌক্তিক নিয়ম চাপিয়ে দিচ্ছেন। আবাসিক হলের সুযোগ-সুবিধা পর্যাপ্ত না থাকলেও মাসিক ফি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। আগামী বছর আরও ১০০ টাকা বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি বাংলোতে নিয়মবহির্ভূতভাবে বহিরাগতদের সাবলেট দেওয়ার অভিযোগও তুলেছেন তারা। বদরুন্নেসা কলেজে দায়িত্ব পালনের সময় দুই হলের ফ্রিজ ও বিদ্যুতের সুইচ বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের ভাষ্য, এসব বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সকালে অধ্যক্ষের কাছে গেলে তিনি তাদের বক্তব্য না শুনে ধমক দেন। এরপরই তার কার্যালয়ে তালা দিয়ে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা।

কলেজ প্রশাসনের বক্তব্য
কলেজ প্রশাসনের বক্তব্য, শিক্ষার্থীদের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের শৃঙ্খলার কথা বিবেচনা করে রাত ১২টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবা ইয়াছমিন বলেন, ক্যাম্পাসে নির্মাণকাজ চলায় অনেক বহিরাগত শ্রমিক কাজ করছেন। এ অবস্থায় রাতে অনুষ্ঠান দীর্ঘায়িত হওয়া নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

দুই শিক্ষার্থীর আসন বাতিলের বিষয়ে উপাধ্যক্ষ বলেন, প্রাথমিকভাবে শুধু ভয় দেখানোর জন্য এ কথা বলা হয়েছিল। পরে পূজার ছুটির পর গত রোববার সিদ্ধান্ত হয়, ফাইনাল ইয়ারের ওই দুই শিক্ষার্থীর আসন বাতিল করা হবে না।

১২ হাজার ৬০০ টাকা জরিমানার অভিযোগের বিষয়ে তার ব্যাখ্যা, ভোর ৫টা পর্যন্ত অডিটোরিয়ামে এসি ও ফ্যান চলায় ওই পরিমাণ বিদ্যুৎ বিল এসেছে। এ অর্থ হোস্টেলের সব শিক্ষার্থীর কাছ থেকে মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা করে সংগ্রহ করে পরিশোধ করতে বলা হয়েছিল।

অধ্যক্ষকে অবরুদ্ধ করার ঘটনা সম্পর্কে উপাধ্যক্ষ বলেন, সকালে তিনি ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যক্ষের কক্ষে বসে ছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী কথা বলার কথা বলে তাদের বাইরে ডেকে নেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষের কক্ষের দরজা বন্ধ করে তালা দেওয়া হয় এবং শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন।

উপাধ্যক্ষ জানান, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা কয়েক দফায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। বিকেল পাঁচটার পর অধ্যক্ষকে আর ক্যাম্পাসে দেখতে চান না বলেও আলটিমেটাম দেন তারা। তবে বিসিএস ক্যাডার সার্ভিসের নিয়োগ রাষ্ট্রপতির আদেশে হওয়ায় এভাবে সাদা কাগজে পদত্যাগ নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষা সচিবকে জানানো হয়েছে বলেও জানান উপাধ্যক্ষ।

আরও পড়ুন

×