ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান

কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান
×

রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪২

বাংলাদেশ কোস্ট গার্ডের নবনিযুক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে সদ্যবিদায়ী মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হকের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষর করেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান। এ সময় কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়ার এডমিরাল মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট, নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট এবং কমোডর নেভাল এভিয়েশনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টাফ দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

রিয়ার এডমিরাল মঈনুল হাসান দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ, রোড আইল্যান্ড থেকে নেভাল কমান্ড কলেজ কোর্স সম্পন্ন করেন। আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এ ছাড়া আমান, আইএমডিইএক্স, ডব্লিউপিএনএস, অ্যারো ইন্ডিয়া, আইওএনএস, এফেস তুরস্ক ও ইউরোনাভাল ফ্রান্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সামরিক আয়োজনে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন।

পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘নৌবাহিনী পদক’, ‘বিশিষ্ট সেবা পদক’ ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’ অর্জন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিযুক্ত মহাপরিচালকের নেতৃত্বে কোস্ট গার্ডের সক্ষমতা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে। পাশাপাশি সমুদ্রসীমা, উপকূল ও নদীপথের নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

×