ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

সাবেক গোয়েন্দা কর্মকর্তা খালেদ ও তার স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে মামলা করবে দুদক

সাবেক গোয়েন্দা কর্মকর্তা খালেদ ও তার স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে মামলা করবে দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৬ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৮

সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সাবেক মহাপরিচালক লে. জে. শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা ও শ্যালক আমিনুর রহমানের নামে ৮ কোটি ৪ লাখ ৫৯ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যা তাদের বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। দুদক আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে।

দুদক সচিব মো. সাইদুর রহমান খান এক ব্রিফিংয়ে জানান, অনুসন্ধানে পাওয়া সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাগুলো শিগগির দায়ের করা হবে। 

দুদক সূত্র জানায়, মামুন খালেদ চাকরিকালে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের বড় একটি অংশ শ্যালক শেখ আমিনুর রহমানের নামে রেখেছেন। দুর্নীতির কারণে ভবিষ্যতে তিনি যাতে কোনো ফাঁদে না পড়েন, এই কৌশলে তিনি বেনামে সম্পদ গড়েছেন। 

দুদকের অনুসন্ধানে মামুন খালেদের নামে স্থাবর অস্থাবর ৪ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। গ্রহণযোগ্য আয় ৩ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার টাকার। পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ৭৬ লাখ ৯৩ হাজার টাকার। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ মোট সম্পদ ৫ কোটি ৩০ লাখ টাকার। প্রাপ্ত সম্পদ থেকে গ্রহণযোগ্য আয় বাদ দেওয়া হলে ১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়।

এদিকে, তাঁর স্ত্রী নিগার সুলতানার নামে ৫৮ লাখ ৭৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়। শ্যালক আমিনুর রহমানের নামে ৫ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়। 

আরও পড়ুন

×