স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল
ফাইল ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামী সোমবারের নির্ধারিত বৈঠক বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকেলে ইসির উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসার পর আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটিও বাতিলের সিদ্ধান্ত জানায় ইসি।
ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাধারণ নির্বাচন নিয়ে ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ায় পুনরায় এ বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। এ কারণে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি বাতিল করা হলো।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের সময় ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। পরে তা পরিবর্তন করে ২১ সেপ্টেম্বর করা হয়। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বৈঠকটি বাতিল করা হলো।
ইসির চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
ইসির পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদের ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তপসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।