জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
কামরুল হাসান, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৩
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ সদরদপ্তরের ‘নর্থ ডেলিগেটস লাউঞ্জ’-এ সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দিনের সফরে গত সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি।
তারেক রহমানের এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদ জানিয়ে একই স্থানে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।
পাঁচ দিনের সফর
যুক্তরাষ্ট্র সফরে খুবই ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও অন্যরা।
বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। একইস্থানে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ফুল ও করতালি দিয়ে স্বাগত জানান নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও জানান, জেএফকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহীন, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুসহ অনেকে। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে অবস্থান করবেন। তিনি ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন।
নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন
জানা গেছে, জাতিসংঘের ৮১তম অধিবেশনে আগামীকাল বিকেলে ১৫ মিনিটের ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, অর্থনৈতিক স্থায়িত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরবেন তিনি।
একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এ ভাষণ দেবেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। তারা দুজনই প্রয়াত।
তারেক রহমান তাঁর বাবার অর্থনৈতিক দূরদর্শিতা ও মায়ের রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্বের উত্তরাধিকার বহন করে বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার অঙ্গীকার ব্যক্ত করবেন।
একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ মহাসচিব এবং বৈশ্বিক ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বেশকিছু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার কর্মসূচির শুরুতে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আয়োজনে প্রাতঃরাশে অংশ নেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ইতিহাসের অংশ: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দেশপ্রেম, আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে, সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর সোমবার স্থানীয় সময় রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বমঞ্চে বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান, ভিশন ও পরিকল্পনা তুলে ধরেছিলেন। ইতিহাসের ধারাবাহিকতায় আজকে তাদের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক একইভাবে বাবা-মায়ের মতো দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশের স্বার্থ ও অধিকারের কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জাতিসংঘ
- তারেক রহমান