ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ২১:০৭

দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০২ জন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এ পর্যন্ত ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। এরপর রয়েছে সিলেট বিভাগ। সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৮৬, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জন রোগী হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১ হাজার ১২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩২৬ জন, চট্টগ্রামে ২৭৮, সিলেটে ১২৭, বরিশালে ১২৭, ময়মনসিংহে ১০৯, খুলনায় ৭৫, রংপুরে ৬০ এবং রাজশাহীতে ২০ জন রয়েছেন।

বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। তাদের মধ্যে ২১ হাজার ৭৪৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগী এবং মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা করা হয় না। ফলে দেশে হাম শনাক্ত রোগীর প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। বর্তমানে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যের ভিত্তিতেই হিসাব সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

×