‘গ্লোবাল সিটিজেন ও পেপ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ জিতল ‘আমারডাক্তার’
মামুনুর রশীদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ০২:০০ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ | ০২:০৩
স্বাস্থ্যখাতের নানা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘২০২৬ গ্লোবাল সিটিজেন ও পেপ্যাল স্মল বিজনেস ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এআই-চালিত ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম ‘আমারডাক্তার’। এটি অ্যাকুইসিম এআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান মেডএআই বাংলাদেশ লিমিটেডের একটি উদ্যোগ। চলতি সপ্তাহে পেপ্যালের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অ্যামি বনিটাটিবাস এবং গ্লোবাল সিটিজেনের প্রেসিডেন্ট লাইজা হেনশ ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বৈশ্বিক বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বৈশ্বিক অলাভজনক সংস্থা গ্লোবাল সিটিজেন এবং আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস পেপ্যালের যৌথ উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। সমাজে ইতিবাচক প্রভাব রাখা ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে ২০ হাজার থেকে ২৫ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ দেওয়া হয় এই কর্মসূচির আওতায়। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের ১৫টি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। ‘আমারডাক্তার’ ছাড়াও তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ক্রসওভার মিটস ও চেঞ্জ-ওয়াটার ল্যাবস, সুইডেনের ওয়াটোটো আর্টস, ব্রাজিলের মিনা সোলার এনার্জি এবং তানজানিয়ার সেফসিপ। প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, পরিবেশ, কৃষি এবং শিক্ষার মতো বিভিন্ন খাতে কাজ করছে।
যুক্তরাজ্য ও বাংলাদেশভিত্তিক উদ্যোক্তা মামুনুর রশীদের হাত ধরে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘আমারডাক্তার’। প্রতিষ্ঠানটি জানায়, ইতোমধ্যে তারা ১০ লাখ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে এবং ৩০ হাজার ভার্চুয়াল পরামর্শ সফলভাবে সম্পন্ন করেছে। প্ল্যাটফর্মটিতে ব্যবহার করা হয়েছে বাংলায় প্রথম ভয়েস-ইন্টারেক্টিভ ‘এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা ‘আয়েশা’ (Aisha)। এর সাহায্যে রোগীরা প্রাথমিক কথোপকথন থেকে শুরু করে ব্যক্তিগত কেয়ার প্ল্যান তৈরি ও চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধা পান। এই প্রযুক্তির ফলে ভার্চুয়াল পরামর্শের সময় ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ৪০০ নারী চিকিৎসকসহ মোট এক হাজার প্রশিক্ষিত চিকিৎসক যুক্ত রয়েছেন।
চিকিৎসাসেবার পরিধি আরও বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং অ্যাক্টরস ইক্যুইটি বাংলাদেশ-এর মতো সংগঠনগুলোর সঙ্গে চুক্তি করেছে আমারডাক্তার। বর্তমানে ডিআরইউ সদস্যদের জন্য বিনামূল্যে নিবন্ধনসহ একটি ফ্রি ভিডিও পরামর্শ ও ফলো-আপ সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া আগামী ২০২৭ সালের শুরুর দিকে সারা দেশের জলবায়ু-প্রভাবিত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিতে এআই-চালিত ‘স্মার্ট অটোনোমাস হেলথকেয়ার বুথ’ চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- প্রেস রিলিজ