তাসনিম সিরাজের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
সোমবার দুপুরে শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে লাল কার্ড প্রদর্শন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:৪৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে বৈষম্যমূলক ও অপমানজনক আচরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিভাগের শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে লাল কার্ড প্রদর্শন করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, নিকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেছেন তাসনিম সিরাজ। এ ছাড়া একই বেঞ্চে বসা ছয় ছাত্রকে নিয়েও কটূক্তি করার অভিযোগ তুলেছেন তারা।
শিক্ষার্থী মোহাম্মদ নাঈম জানান, শ্রেণিকক্ষে শিক্ষকের কথিত আচরণের পাশাপাশি তারা ওই শিক্ষককে সমর্থনকারীদের ভূমিকার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন। এ প্রসঙ্গে শিক্ষক সামিনা লুৎফা ও শিক্ষক নেটওয়ার্কের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পর্যালোচনা না করে তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না।
এর আগে গত ১০ অক্টোবর নিজের ফেসবুক ভিডিওতে অভিযোগের বিষয়ে বক্তব্য দেন তাসনিম সিরাজ মাহবুব। তিনি বলেন, নিকাব পরা ওই ছাত্রীকে পোশাক পরিবর্তন করতে, নিকাব খুলতে বা শ্রেণিকক্ষ ছেড়ে যেতে বলেননি তিনি। তবে ছাত্রীর চোখ দেখতে না পাওয়ায় তাঁকে শনাক্ত করা এবং কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল বলে জানান তিনি।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর গত ৮ অক্টোবর তাসনিম সিরাজকে বিভাগের শ্রেণিকক্ষের কার্যক্রম থেকে বিরত রাখা হয়। তার কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়েছে।
এদিকে, শিক্ষকদের একাডেমিক স্বাধীনতা খর্বের প্রতিবাদে গত ১১ অক্টোবর শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়