পদ্মা ব্যারাজ প্রকল্প ফেব্রুয়ারিতে উদ্বোধনের আশা
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১৮:৩৭
আগামী বছরের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্পের উদ্বোধনের প্রস্তুতি চলছে। অন্যদিকে, বিদ্যমান গঙ্গা চুক্তির ধারাবাহিকতা থাকবে নাকি নবায়ন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে এ সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হিসেবে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, ফরিদুল কবীর তালুকদার, ইজ্জত উল্লাহ, অলি উল্লাহ এবং মশিউর রহমান খান অংশগ্রহণ করেন।
বৈঠকে গঙ্গা চুক্তির সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ জড়িত থাকার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পদ্মা ব্যারাজ প্রকল্পের অংশ হিসেবে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগরে কমিটির পরিদর্শন কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয় গৃহীত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
একই দিন সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করতে স্কুল-কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয়। একইসঙ্গে নতুন কিছু উদ্ভাবন ও তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এজেডএম রেজওয়ানুল হক, আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কেএম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ এবং আব্দুল গফুর অংশগ্রহণ করেন।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন দপ্তর এবং সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।
- বিষয় :
- পদ্মা ব্যারেজ