ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে জাহাজভাঙা শিল্প: হাইকোর্ট

দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে জাহাজভাঙা শিল্প: হাইকোর্ট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৯:৩৮ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:০২

তেজস্ক্রিয়তাযুক্ত বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ নর্থ সি প্রডিউসারকে (এমটি প্রডিউসার) আমদানি এবং ভাঙার অনুমতি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  বৃহস্পতিবার এ রায় দেন। এ সময় আদালত বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কার্যক্রম পরিচালনায় দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ হচ্ছে। পুরো কার্যক্রমই চলছে অবৈধভাবে। এতে পরিবেশগত কোনো ব্যবস্থাপনা নেই। জাহাজভাঙা শিল্প নিয়ন্ত্রণে সরকারকে কয়েক দফা নির্দেশনাও দেন আদালত।

২০১৬ সালের আগস্ট মাসে জনতা স্টিল করপোরেশন ড্যানিশ জাহাজ প্রতিষ্ঠান মার্কসের কাছ থেকে ৫২ হাজার টনের নর্থ সি প্রডিউসার জাহাজটি ক্রয় করে। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে আমদানিকৃত জাহাজটিতে তেজস্ট্ক্রিয়তাযুক্ত বর্জ্য রয়েছে। জাহাজটি বর্জ্যমুক্ত-সংক্রান্ত অসত্য সনদ দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা শিপব্রেকিং প্ল্যাটফর্ম একটি প্রতিবেদন প্রকাশ করে।

পরবর্তী সময়ে বিদেশি বিশেষজ্ঞের তত্ত্বাবধান ছাড়া এ জাহাজভাঙা বন্ধে হাইকোর্টে রিট করে বেলা। ২০১৭ সালের ৮ জুন হাইকোর্ট এমটি প্রডিউসারের অনুকূলে ছাড়পত্র কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে বিবাদীদের প্রতি রুল জারি করেন। একই সঙ্গে বিষাক্ত জাহাজটি নিরাপদে ভাঙা নিশ্চিত করতে আমদানিকারকের খরচে কেন নিরপেক্ষ বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। 

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট। বেলার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহায়তা করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

আরও পড়ুন

×