ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সীমান্ত

৩৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

৩৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
×

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা শূন্যরেখায় অবস্থান নেন। গতকাল শনিবার দুপুরে তোলা- সমকাল

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৮:৩০ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১১:১৭

| প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, রাত পৌনে ১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন স্থানে নৌকায় ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে দুজন পুরুষ, আট নারী ও পাঁচ শিশু ছিল। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে রাত পৌনে ৩টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।

রাজশাহীতে ২৩ জনকে পুশইনের চেষ্টা 
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

গতকাল শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় পুশইনের এই চেষ্টা করা হয়। পদ্মা নদীর ভারতীয় অংশ থেকে দুটি নৌকায় করে এসব মানুষকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কারণে নৌকাগুলো ছাড়তে পারেনি।

জানা গেছে, চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারী চর এলাকায় প্রায় ১৫০ জনকে জড়ো করে রাখা হয়েছে। তাদের মধ্যে ২৩ জনকে কাগমারী ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।

গতকাল দুপুরে সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন। সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করতে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হচ্ছে। এ সময় অনেক স্থানীয় বাসিন্দাকে বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান নিতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ভোর থেকেই শুনছি বিএসএফ কিছু মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। বিজিবি আমাদের সহযোগিতা চেয়েছে। তাই আমরা তাদের পাশে অবস্থান নিয়েছি।

চারঘাট বিকল্প বিওপির কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুশইনের বিষয়টি জানতে পেরে আমরা সীমান্তে কঠোর অবস্থান নিয়েছি। আমাদের সতর্কতার কারণে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আমরা আরও কঠোর নজরদারি চালাচ্ছি। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

×