মন্ত্রীরা নিজেদের রাজা মনে করেন: সংসদে রুস্তম
জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী-ফাইল ছবি
সমকাল প্রতিবদেক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ১০:১০
জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেছেন, প্রধানমন্ত্রী সব কাজ একাই করেন বলে সরকারের অন্য মন্ত্রীদের কোনো কাজ নেই। তারা নিজেরা কোনো কাজ না করে- নিজেদের রাজা মনে করেন; আর জনগণকে মনে করেন প্রজা। তাদের ভাবনা 'প্রধানমন্ত্রী থাকলে আমরা আছি-আর না থাকলে নাই'। তাই তাদের আর কোনো কাজ করতে হয় না।
বৃহস্পতিবার সংসদের বৈঠকে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 'দেশে ঘুষ, সন্ত্রাস, ক্যাসিনো ও মাদকসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযান সারাবছর অব্যাহত রাখা হোক'- এ বিষয়ের ওপর তার আনা প্রস্তাবের ওপর আলোচনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুরোধে তিনি প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।
এর আগে প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। এই অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে সরকার এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে। অভিযান চলছে। তাই এ বিষয়ে প্রস্তাব গ্রহণের আর প্রয়োজন নেই।
রুস্তম আলী ফরাজী বলেন, সংবিধান অনুযায়ী মদ, জুয়া ও গণিকাবৃত্তি নিষিদ্ধ। সুতরাং এসব বন্ধ করতে হবে। কারণ আজকাল ছাত্ররা ক্লাসে না গিয়ে বাইরে বাইরে ঘোরে, মাদক সেবন করে। পুলিশের অফিস, ভূমি অফিস, পাসপোর্ট অফিস- সব জায়গাতেই দুর্নীতি। এসব অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। প্রধানমন্ত্রী যুবলীগের সভাপতিকে সরিয়ে দিয়েছেন। আরও অনেককে দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ ধরনের সিদ্ধান্ত জেলা-উপজেলা পর্যায়েও নিতে হবে।জেলা-উপজেলা থেকেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিদায় করে দিতে হবে।
প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, দুর্নীতি, ঘুষ ও ক্যাসিনো চাই না। তবে এসব বন্ধ করতে গিয়ে রাজনীতিবিদদের যেন খাটো না করা হয়।
সরকারি দলের শহিদুজ্জামান সরকার ক্যাসিনো, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
- বিষয় :
- জাতীয় পার্টি
- মন্ত্রী
