ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সৌদি আরবে ৯৯ শতাংশ নারীকর্মী ভালো আছেন: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে ৯৯ শতাংশ নারীকর্মী ভালো আছেন: পররাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ১১:০৯ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:০০

সৌদি আরবে দুই লাখ ৭০ হাজার বাংলাদেশি নারী কর্মরত রয়েছেন। এর মধ্যে আট হাজার নারী ফিরে এসেছেন। ৫৩ জনের মরদেহ দেশে এসেছে, যা তুলনামূলক নগণ্য। ৯৯ শতাংশ নারী কর্মী ভালো আছেন। 

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুবাই সফরকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। 

আগামীকাল শনিবার চার দিনের সফরে আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ নভেম্বর বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখতে কলকাতা যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারত সফর করবেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন বলেন, সৌদি আরবে নারী কর্মী পাঠানো বন্ধে কোনো সিদ্ধান্ত হয়নি। অনেকে আন্দোলন করছেন নারী কর্মী পাঠানো বন্ধের জন্য। যারা এমন দাবি করছেন, তারা কি ওদের চাকরি জোগাড় করে দেবেন? 

তিনি বলেন, বিদেশে নারী কর্মী নির্যাতনের পরিপ্রেক্ষিতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বিশেষ করে সৌদি আরবের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বেশি। কোনো নারী কর্মী নির্যাতিত হলে নিরাপদ আশ্রয়ে তাদের নিয়ে আসা হয়। এটা তাদের জন্য উন্মুক্ত। ২৪ ঘণ্টা হটলাইন চালু হয়েছে, যাতে তারা যে কোনো সমস্যার কথা জানাতে পারেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক নারী দেশে ফিরে বলেন, মনিব তাকে অত্যাচার করেছেন। তিনি যদি আমাদের শেল্টার হোমে এসে তথ্য দেন, আমরা মামলা করতে পারি। কিন্তু তারা ওখানে না বলে দেশে ফিরে এ ধরনের অভিযোগ করেন।

প্রধানমন্ত্রীর দুবাই সফরে ৩ চুক্তি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুবাই সফরকালে দুটি দ্বিপক্ষীয় সহযোগিতা এবং একটি প্রটোকল স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং আমিরাত উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও আমিরাত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মধ্যে চুক্তি এবং আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের জন্য প্লট বরাদ্দের প্রটোকল।

সফরকালে শেখ হাসিনা আবুধাবিতে অনাবাসিক বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমেরও উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।\হআব্দুল মোমনে বলেন, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে 'দুবাই এয়ার শো'সহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে যাচ্ছেন। শেখ হাসিনা আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পরিবার উন্নয়ন ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারপারসন শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গেও বৈঠক করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী আরব আমিরাতের বড় বিনিয়োগকারী গোষ্ঠী এবং ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।

আরও পড়ুন

×