ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যত চাপই আসুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে: কাদের

যত চাপই আসুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে: কাদের
×

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০১:৪৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:৩২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যতই চাপ আসুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করা হবে। সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে আইনটি বাস্তবায়নের বিকল্প নেই। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে আজ (সোমবার) থেকে ঢাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আইনটি আগের তুলনায় কঠোর করা হয়েছে। কঠোর করার উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, সকলের কল্যাণে সড়ককে নিরাপদ করা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা।

তিনি বলেন, ‘আইনটিতে একটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে, সেটি হলো চালকদের জন্য পয়েন্ট সিস্টেম। উন্নত বিশ্বের মতো আইন অমান্য করলে চালকদের পয়েন্ট কর্তন করা হবে।’

মন্ত্রী জানান, প্রথমবারের মতো সড়ক দুর্ঘটনার জন্য পরিবহন মালিকদেরও আইনের আওতায় আনা হয়েছে। অভিযুক্ত যিনিই হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিধানও যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে আইনটি সহনীয়ভাবে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চলবে জনসচেতনতা বৃদ্ধির কাজ।

আইন বাস্তবায়নে ট্রাফিক বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ে প্রয়োজনীয় সফটওয়্যার আপডেটের কাজ সম্পন্ন হবে বলে তারা আমাকে জানিয়েছে।’

তবে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অযথা হয়রানি কিংবা বাড়াবাড়ি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সমাজের বিভিন্ন অংশীজন তথা সড়ক ব্যবহারকারীদের সচেতনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

আরও পড়ুন

×