শোভন-রাব্বানীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ১৩:২৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ১৩:৩১
দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেওয়া ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অবৈধ সম্পদ আছে কিনা, সে সম্পর্কে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংগঠনের আরও একজন সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধেও একই অভিযোগে অনুসন্ধান হচ্ছে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছেন।
ছাত্রলীগের সাবেক এই তিন নেতার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম তদারক করবেন কমিশনের মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুব খান।
দুদক সূত্র জানায়, সাবেক তিন ছাত্রনেতার নামে ফ্ল্যাট, জমি, বিভিন্ন ব্যাংকে জমানো টাকাসহ বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে, যা তাদের বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।