বেশি দামে লবণ বিক্রি ও গুজব: গ্রেফতার ৩৯
রাজশাহীতে আটক এক ব্যবসায়ী -সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ১০:৪৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ১১:৩২
লবণের দাম বৃদ্ধির গুজবে পেঁয়াজের মতো সারাদেশে মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এতে মঙ্গলবার দামও বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকায় ৯ জন ঢাকার বাইরে অন্যান্য জেলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিস্তারিত ব্যুরো, অফিস, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে:
রাজশাহী: নগরীর সাহেববাজারে ক্রেতার ভিড় দেখে কোনো দোকানি লবণে কেজিতে ১০ টাকা বেশি নেওয়া শুরু করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আটক করেন। তারা হলেন মানিক ও আজমল হোসেন। পুঠিয়া ও চারঘাটে একজন করে, বাগমারায় তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।
নেত্রকোনা ও মদন: লবণের সংকট সৃষ্টির অভিযোগে খালিয়াজুরী সদর থেকে হায়দার চৌধুরী নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সদর উপজেলার বড়াইল গ্রামের স্থানীয় বিএনপি নেতা আরব আলী লবণের দাম বেড়ে গেছে বলে গুজব ছড়ান। পরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে ছেলে সাদ্দাম হোসেনকে আটক করে।
হবিগঞ্জ: শহরের চৌধুরী বাজার এলাকায় চার ব্যবসায়ীকে আটক করে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার মধ্যরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
খুলনা: অতিরিক্ত দামে লবণ বেচাকেনার অভিযোগে খুলনার ৬টি থানা এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে জেলা পুলিশ
বরিশাল: গৌরনদী উপজেলায় দুটি বাজারে বেশি দামে লবণ বিক্রির মোট পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালী: গুজবে কান দিয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে শহরের পুরান বাজার এলাকা থেকে দীপক কুমারসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): লবণ সংকটের খবর প্রচারের প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই কলেজ শিক্ষার্থীরা হলো শামীম আহম্মদ, সিফাত মিয়া, রাফি হোসেন, সাগার মিয়া ও আকাশ ইসলাম।