ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

টক শোতে পি কে হালদার: একাত্তর টিভির বক্তব্য শুনবে হাইকোর্ট

টক শোতে পি কে হালদার: একাত্তর টিভির বক্তব্য শুনবে হাইকোর্ট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০৭:১৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ০৭:২৪

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা পাচার করে কানাডায় পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সাক্ষাৎকার ও সরাসরি বক্তব্য প্রচারের বিষয়ে বেসরকারি চ্যানেল একাত্তর টিভির বক্তব্য জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ১৭ জানুয়ারি একাত্তর টিভি কর্তৃপক্ষ লিখিত বা মৌখিকভাবে তাদের অবস্থান জানাতে হবে।

গত ২৮ ডিসেম্বর সাক্ষাৎকার এবং সরাসরি বক্তব্য প্রচারের ক্লিপ আদালতে দাখিলের পর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত হাইকোর্ট (ভার্চুয়াল) বেঞ্চ রোববার এ আদেশ দেন। টকশোতে পলাতক আসামি পি কে হালদারের বক্তব্য প্রচারের মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে কি না-সে বিষয়ে জানতে এ নির্দেশ দেওয়া হয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারফ হোসেন।

পি কে হালদারের গ্রেপ্তারের বিষয়ে সুয়োমুটো রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ২৮ ডিসেম্বর রাত ১০টার সংবাদে তার সাক্ষাৎকার এবং রাত সাড়ে ১১টায় একাত্তর জার্নাল তার সরাসরি বক্তব্য প্রচার করে।

২৯ ডিসেম্বর বিষয়টি আদালতের নজরে এনে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এ পরিপ্রেক্ষিতে আদালত এ বিষয়ে দুদককে লিখিত আবেদন দিতে বলেন। পরদিন তিনি লিখিত আবেদন দিলে সাক্ষাৎকার এবং মধ্যরাতে প্রচারিত টকশোর ভিডিও ক্লিপ তলব করেন উচ্চ আদালত। পাশাপাশি যেকোনো পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমসহ সব মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন।

এরই ধারাবাহিকতায় রোববার একাত্তর টিভি কর্তৃপক্ষ দুটি ক্লিপ হাইকোর্টের রেজিষ্ট্রারের কার্যালয়ে জমা দেয়। পরে সেটি আদালতে প্রদর্শন করা হয়। প্রদর্শন শেষে দুদক আইনজীবী আদালত অবমাননার অভিযোগ আনেন। এরপর হাইকোর্ট আদালত অবমাননার বিষয়ে কোনো আদেশ না দিয়ে আগে একাত্তর টিভির বক্তব্য শুনতে চান। আগামী ১৭ জানুয়ারি বক্তব্য শুনতে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রাখেন আদালত।

আরও পড়ুন

×