সংসদের শীতকালীন অধিবেশন বসছে সোমবার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১ | ০৯:২১
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সোমবার। নতুন বছরের প্রথম এই অধিবেশনের শুরুর দিনেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বক্তব্য দেবেন। পরে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হবে। অধিবেশন জুড়ে এই বক্তব্যের নানা দিক নিয়ে আলোচনার পরে তা পাস হবে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন সোমবার বিকেল সাড়ে ৪টায় বসবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারের অধিবেশনেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে সংসদ ভবনের মেডিকেল সেন্টারে। পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীসহ সবার করোনা পরীক্ষা করা হচ্ছে। অধিবেশন কক্ষেও আগের অধিবেশনগুলোর মতোই স্বাস্থ্যবিধি মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবিধানিক বিধানমতে এই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, করোনাকালে গত বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদের তিনটি অধিবেশনের আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, করোনা মহামারির মধ্যে সংসদের তিনটি অধিবেশন করার অভিজ্ঞতা রয়েছে তাদের। নতুন বছরের শুরুর অধিবেশনও সেই অভিজ্ঞতার আলোকে আয়োজন করা হবে।
সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান জানিয়েছেন, বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব গ্রহণের পরেই রাষ্ট্রপতি ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পরে প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাবে।
- বিষয় :
- জাতীয় সংসদ
- শীতকালীন অধিবেশন
