শিশুদের জন্য আরো উন্মুক্ত মাঠ প্রয়োজন: রাদওয়ান মুজিব
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৩:৪৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ০৩:৪৪
রাজধানী ঢাকায় শিশুদের খেলাধুলা চর্চা ও স্বাস্থ্য রক্ষায় আরো অনেক বেশি উন্মুক্ত মাঠ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এক ফেসবুক পোস্টে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউসমেন্ট পার্কের স্থানে শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এখনো পুরোপুরি নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ওয়ান্ডারল্যান্ড পার্কে শিশুরা ভিড় করছে ও খেলছে। একইভাবে তারা খেলার সুযোগ পাচ্ছে গুলশান ইয়ুথ ক্লাবে (জিওয়াইসি)। ঢাকায় হাঁটার জন্য পার্ক নির্মাণের পাশাপাশি উন্মুক্ত খেলার স্থান নির্মাণেরও আহ্বান জানা তিনি। তিনি প্রশ্ন করেন, 'কেন পুরাতন ওয়ান্ডারল্যান্ড একটি উন্মুক্ত খেলাধুলার কেন্দ্রে পরিণত হতে পারবে না? সেখানে যেকোনো সময়ের জন্য উপযোগী কিছু পিচ তৈরি করুন এবং শিশুদের খেলতে দিন।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণা ফলকে উদ্বৃত্ত করে রাদওয়ান মুজিব বলেন, বিশ্বে শারীরিকভাবে সবচাইতে সক্রিয় শিশুদের তালিকায় বাংলাদেশের শিশুরা রয়েছে। কিন্তু সেই সাথে এই প্রতিবেদনে এটিও উল্লেখ আছে, আমাদের দেশে প্রতি ৩ জনের মধ্যে ২ জন শিশু দিনে এক ঘণ্টা শারীরিক ব্যায়ামের সুযোগ পায় না।
তিনি বর্তমান সময়ের মা-বাবাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার সন্তানের মাথায় শুধু পড়ালেখার বোঝা চাপাবেন না। তাদের শারীরিকভাবে সক্রিয় হয়ে উঠতে দিন। সেই সঙ্গে উন্মুক্ত খেলার মাঠের সংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ক্রমে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। প্রান্তিক পর্যায়ে ক্রীড়াকে প্রতিষ্ঠা করা ও জনপ্রিয় করে তোলার স্বার্থে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়া সামগ্রী ও সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে নিয়মিত আয়োজন করা হচ্ছে স্কুল পর্যায়ের প্রতিযোগিতা। ক্রীড়া ক্ষেত্রে বাজেটও পূর্বের তুলনায় বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার।
