জেলা-উপজেলায় স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র কেন নয়: হাইকোর্ট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৯:৫৮ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৫:১৮
পাবলিক ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেশের জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র নির্মাণ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রুলে পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ পাবলিক ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জেলা-উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না- জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি এফ.আর.এম. নাজমুল আহাসান ও বিচারপতি কে,এম, কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, গণপূর্ত সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত আগস্টে হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন। আদালতে রোববার রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
আদেশের পর রিটকারী সরদার জাকির সাংবাদিকদের বলেন, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার কারণে প্রায় সারা বছর জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক রকম বন্ধ থাকে বা ক্লাস হয় না। শিক্ষার্থীরা এতে ক্ষতির মুখে পড়ছে। এমনকি অনেকেই চূড়ান্ত পরীক্ষায় ফল খারাপ করছে। এসব বিষয় বিবেচনা করেই জনস্বার্থে রিটটি করা হয়। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন।
- বিষয় :
- হাইকোর্ট
- স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র
