চলতি অর্থবছরে আরও প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষা মন্ত্রণালয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ১০:২৭
সংশোধিত নীতিমালার ভিত্তিতে চলতি অর্থবছরেই আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। সম্প্রতি এক হাজার ৬৫৮টি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। এ বাবদ বার্ষিক ব্যয় হবে ৪৫৬ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা। এই ব্যয়ের পরেও এই অর্থবছরের বরাদ্দের যে ৪০৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা অবশিষ্ট থাকবে, তা দিয়ে আরও কিছু প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। তবে বৈঠক সূত্র জানিয়েছে, এমপিওর বিদ্যমান নীতিমালায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। কমিটি সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া এবং মাহী বদরুদ্দোজা চৌধুরী।
বৈঠক শেষে ফজলে হোসেন বাদশা সমকালকে বলেন, বিদ্যমান নীতিমালার কিছু বিষয়ে কমিটির সদস্যরা আপত্তি জানিয়েছেন। উন্নত ও অনুন্নত এলাকার প্রতিষ্ঠানের জন্য একই ধরনের পাসের হার বিবেচনায় নিলে চলবে না। নীতিমালায় এসব বিষয়ে সংশোধনী আনার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালের সই করা কার্যপত্রে বলা হয়েছে, '২০১৯-২০২০ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ৮৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত এক হাজার ৬৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এ বাবদ বার্ষিক ব্যয় প্রায় ৪৫৬ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা। ওই ব্যয়ের পর আরও প্রায় ৪০৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা অবশিষ্ট থাকবে। এ অবশিষ্ট অর্থ দিয়ে সংশোধিত নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে চলতি অর্থবছরে আরও কিছু যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব হবে।'
কার্যপত্রে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের প্রসঙ্গে বলা হয়েছে, বর্তমানে এমপিওভুক্ত (ভোক ও বিএম) প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৬৫৪টি। এর জন্য বরাদ্দ পাওয়া গেছে ৫০ কোটি ৯১ লাখ টাকা। নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৫২০টি। এর জন্য অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন ১৯ কোটি ৪৩ লাখ টাকা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে ৫৪৪ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৮২০ টাকা এবং ২০২০-২১ অর্থবছরের বাজেটে ৫২৩ কোটি ১৪ লাখ ১২ হাজার ৬৬০ টাকা প্রয়োজন হবে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার গুণগত মান এবং এসডিজি-৪ অর্জনের জন্য মন্ত্রণালয় কী পরিকল্পনা গ্রহণ করেছে, তা বৈঠকে বিস্তারিত তুলে ধরা হয়। এ ছাড়াও 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮' নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যদের মতামত/সুপারিশ এ নীতিমালায় অন্তর্ভুক্তির জন্য কমিটি সুপারিশ করে।
- বিষয় :
- এমপিওভুক্ত
- শিক্ষা মন্ত্রণালয়
