শ্রম অধিকার প্রতিষ্ঠায় আইএলও'র সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে আইএলও'র কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটাইয়েন- পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৬:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৭:২৪
বাংলাদেশে শ্রম অধিকার প্রতিষ্ঠার সব ব্যাপারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেসব স্ট্যান্ডার্ড অর্জন করতে যাচ্ছে তা সফল করার জন্য এবং আমাদের শ্রমিকদের যে অধিকার প্রয়োজন তা প্রতিষ্ঠার জন্য আইএলও সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। সরকার আইএলও'র সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করতে সচেষ্ট রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে আইএলও'র কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটাইয়েনের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে মন্ত্রী আরও বলেন, আস্তর্জাতিক শ্রম সংস্থার বিগত সম্মেলনে বাংলাদেশ যেসব অঙ্গীকার করেছে এবং বাংলাদেশের উপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলও প্রতিনিধিদল এখন শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। আরও বিষদভাবে এসব ব্যাপারে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন।
বৈঠকে আইএলও প্রতিষ্ঠার শতবছর পূর্তি উপলক্ষে তাদের বিভিন্ন আয়োজন সফল করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।
- বিষয় :
- আইনমন্ত্রী
- আনিসুল হক
- আইএলও