মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৮:১৯
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের অবসর-উত্তর ছুটি স্থগিত করে তাকে আরও এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আনোয়ারুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে আগামী ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরে মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হলো। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
গত ১৩ অক্টোবর সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দাকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয় সরকার। এরপর ২৮ অক্টোবর যোগ দেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর তার অবসর- উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল।
বিসিএস ১৯৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তা খন্দকার আনোয়ারুল ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সরকারের কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ
থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন ণন্দকার আনোয়ারুল। তার স্ত্রী কামরুন
নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত আছেন। পারিবারিক
জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
