ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খাদ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী

খাদ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী
×

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১ | ০৮:৪৭ | আপডেট: ২২ জুন ২০২১ | ১০:১১

পুষ্টিকর ও নিরাপদ খাদ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাদ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সরকার কাজ করছে। এসডিজি অর্জনে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে বাংলাদেশের অর্জন সন্তোষজনক। 

মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত 'বাংলাদেশ দ্বিতীয় রাষ্ট্রীয় বিনিয়োগ পরিকল্পনা খসড়া মনিটরিং রিপোর্ট-২০২১' শীর্ষক পর্যালোচনা ও অনুমোদন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার  এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বছরে পাঁচ মাস ৫০ লাখ নিম্ন আয়ের মানুষকে দশ টাকা কেজিতে চাল বিতরণ করা হচ্ছে। করোনাকালে কর্মসূচির মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। এছাড়া চলমান করোনা পরিস্থিতিতে দেশের দরিদ্র ও স্বল্প আয়ের ৪২ লাখ মানুষের কাছে দশ টাকা কেজিতে চাল বিতরণ করেছে সরকার। পরোক্ষভাবে যা দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়নে ভূমিকা রেখেছে।

মন্ত্রী বলেন, ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য ভোক্তা যাতে পায়, সে লক্ষ্যে 'নিরাপদ খাদ্য আইন ২০১৩' প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমান সরকার ২০০৯ সাল থেকে খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ফুড প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ইউনিটের মহাপরিচালক শহীদুজ্জামান ফারুকী। ২০২১ সালের রিপোর্ট উপস্থাপন করেন গবেষণা পরিচালক হাজিকুল ইসলাম। রিপোর্টের ওপর বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ড. মেহরাব বখতিয়ার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পুষ্টিবিদ ললিতা ভট্টাচার্য, রবার্ট সিম্পসন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের ড. মোহাম্মদ ইউনুস এবং ইউরোপিয়ান ইউনিয়নের মেহের নিগার ও মি. কোয়েন। 

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

আরও পড়ুন

×