ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ১৫
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৩:২৪

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের দাবি, হামলাকারীরা কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী। তবে অভিযোগ অস্বীকার করে অপর পক্ষ বলছে, দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না ও সহিদ রয়েছেন। তাদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঢালুয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বাধা দিতে গিয়ে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদ আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় রাজনীতি নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দেন বিএনপির বিভিন্ন নেতা-কর্মী ও সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

আহত ছাত্রদল নেতা মাহফুজুর রহমান বলেন, মিছিল শেষ হওয়ার আগেই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম সুজনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে অন্তত ১৫ জন আহত হন।

ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না অভিযোগ করেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেও মারধর করা হয়েছে।

তবে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পক্ষই পৃথক প্রতিবাদ মিছিল করছিল। মিছিলের শেষ দিকে একজন সংসদ সদস্যকে নিয়ে বিরূপ মন্তব্য করলে সামান্য হট্টগোল ও হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া রাতে সমকালকে বলেন, ‘আগের দিন ছাত্রলীগ মিছিল করেছে, কিন্তু ফেসবুকে আমার বিরুদ্ধে পোস্ট দেওয়া হয়েছে। এখন আমরা নিজেরা ঝামেলা করলে আওয়ামী লীগ-ছাত্রলীগই সুযোগ নেবে। আমি ঢাকায় আছি, বিষয়টি খোঁজ নিচ্ছি।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত আছে। তবে কোনো পক্ষই এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×