পিস্তল তাক করায় গুলি, আফতাবনগরে ডিবির অভিযানে গুলিবিদ্ধ ১
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০১:২৬
রাজধানীর আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি একটি ডাকাত দলের সদস্য। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি গুলশান বিভাগের পরিদর্শক আনোয়ার হোসেন রাতে সমকালকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন সশস্ত্র ব্যক্তি ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের ভাষ্য, সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাভেল পিস্তল বের করে গুলি চালানোর চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ একটি শর্টগানের গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পাভেলকে আটক করা হয়।
ডিবি জানায়, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
আনোয়ার হোসেন বলেন, কয়েক দিন আগে একই ডাকাত দলের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন কয়েকজন পালিয়ে যান। বৃহস্পতিবার রাতে পালিয়ে যাওয়া সদস্যদের কয়েকজন আবারও এলাকায় জড়ো হয়েছিল বলে তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।