ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থান দুর্বল করবে নাগরিকত্ব আইন: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের ধর্মনিরপেক্ষ অবস্থান দুর্বল করবে নাগরিকত্ব আইন: পররাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১০:৩১ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ১০:০১

ভারতের নাগরিকত্ব আইন দেশটির ঐতিহাসিক ধর্মনিরপেক্ষ অবস্থানকে দুর্বল করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত সহিষ্ণু ও ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে বলে দেশটির লোকসভায় যে অভিযোগ উঠেছে, তা আদৌ সঠিক নয়। ভারত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং সেখান থেকে পদস্খলন হলে দেশটির যে ঐতিহাসিক অবস্থান, সেটা অনেকাংশে দুর্বল হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দপ্তরে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অনেক বেশি। এখানে অন্য ধর্মের লোক নিপীড়িত হন না। বাংলাদেশের জনগণ আশা করে, ভারত এমন কিছু করবে না, যা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শুনানি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অং সান সু চির মিয়ানমারকে ডিফেন্ড করাটা অত্যন্ত দুঃখজনক। সু চির মুক্তির জন্য নিজেই আন্দোলন করেছি। এখন তার এমন অধঃপতন দেখে খুব খারাপ লাগছে। আশা করি, তিনি তার ভুল বুঝতে পারবেন। একই সঙ্গে মানবতার পক্ষে তিনি কথা বলবেন।

আরও পড়ুন

×