সংগ্রাম পত্রিকার সম্পাদক আসাদ রিমান্ডে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৩
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করা দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে রাজধানীর হাতিরঝিল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার বিরুদ্ধে তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলামের আদালত।
এর আগে আসামি আবুল আসাদকে আদালতে হাজির করে তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম।
গত বৃহস্পতিবার দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে 'শহীদ' আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে দৈনিক সংগ্রাম অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন।
এক পর্যায়ে পত্রিকাটির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় সংগঠনের উত্তেজিত জনতা। পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে হেনস্তা করার সময়ে হাতিরঝিল থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
এরপর শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে মামলা করেন। শনিবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
- বিষয় :
- সংগ্রাম পত্রিকা
