থানার পরিবর্তে দুদকে এজাহার গ্রহণ কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৮
থানার পরিবর্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে এজাহার গ্রহণ করার নিয়ম কেন বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংশ্নিষ্ট ধারাগুলো হলো দুদক বিধিমালা-২০০৭ (সংশোধনী ২০১৯)-এর ১(২)(ঘঘ), ৪, নম্বর বিধি ও ফরম-২খ।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সংসদ সচিবালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক ও দুদক সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান ও আইনজীবী মমতাজ পারভীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
দুদক নিজেই মামলা করার ক্ষমতা-সংক্রান্ত দুদক বিধিমালা-২০০৭ সংশোধন করে গত ২০ জুন গেজেট জারি করে। ওই বিধিমালার ৪ নম্বর বিধিতে বলা হয়েছে, 'এই বিধিতে যাহা কিছুই থাকুক না কেন আইনের তফসিলে উল্লিখিত কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়েরের ক্ষেত্রে কোনো বাধা থাকিবে না, তবে সংশ্নিষ্ট থানা উক্ত অভিযোগটি প্রাপ্তির পর উহা রেজিস্ট্রারভুক্ত করিয়া অনধিক দুই কার্যদিবসের মধ্যে আইন অনুযায়ী তদন্তকার্য পরিচালনার জন্য উহা কমিশনবহির্ভূত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে নিকটস্থ জেলা কার্যালয়ে এবং কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে কমিশন বরাবরে প্রেরণ করিবে।' আর ১০ নম্বর বিধিতে দুদককে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে গত
১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস ও নওশীন নাওয়াল
হাইকোর্টে রিট আবেদনটি করেন।
