জাবির ৩৩ ব্যাচের ১৫ বছর পূর্তির অনুষ্ঠান ৩ জানুয়ারি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ২১:৪৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৩তম ব্যাচের ১৫ বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছেন এই ব্যাচের শিক্ষার্থীরা।
আগামী ৩ জানুয়ারি এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছেন ছয় শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।
এই আয়োজনে নানা আনুষ্ঠানিকতা ছাড়াও মুক্তমঞ্চে নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে দেশের প্রতিষ্ঠিত ব্যান্ডের পরিবেশনায় কনসার্ট।
১৫ বছর পূর্তি আয়োজনের আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী কানিজ ফাতেমা লাকি বলেন, দীর্ঘদিন পর ৩৩ তম ব্যাচের সকল বন্ধুদের একসাথে পাবো। একটি আনন্দমুখর সুন্দর দিন কাটানো, ক্যাম্পাসের স্মৃতি রোমন্থন করাই আমাদের চেষ্টা। তিনি জানান, অনুষ্ঠান সফল করতে সব ধরনের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পূর্তি আয়োজনের কোষাধ্যক্ষ ও গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী দোলন সরকার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি চমৎকার অনুষ্ঠান উপহার দিতে আমরা বদ্ধপরিকর।
- বিষয় :
- জাবি
