ঢাবি উপাচার্যের কাছে কৈফিয়ত চাইলেন অভিভাবকরা
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন অভিভাবকরা -সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:৫৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় উপাচার্যের কাছে কৈফিয়ত চেয়ে ক্যাম্পাসে মিছিল করেছেন অভিভাবকরা।
মঙ্গলবার দুপুরে 'উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজে'র ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। ব্যানারে লেখা ছিলো- 'ভিসি, আপনি জবাব দিন? আমরা আপনাকে বেতন দেই না? ছেলেমেয়েরা কেন নিরাপত্তাহীন?'
পরে তারা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেখানে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
অভিভাবকদের স্মারকলিপিতে উপাচার্যকে উদ্দেশ্য করে বলা হয়, 'আপনি এই বিশ্ববিদ্যালয়ের বেতনভুক্ত সর্বোচ্চ ও সার্বক্ষণিক কর্মকর্তা। দিনের পর দিন আপনার পক্ষপাতমূলক, অমানবিক আচরণে আমরা হতবাক, বিমর্ষ ও উদ্বিগ্ন। আপনার এই আচরণ অপরাধীদের ধারাবাহিক অপরাধকর্মে উস্কানি দিচ্ছে।'
স্মারকলিপি দেওয়ার পর অভিভাবক রাখাল রাহা দলীয় কর্মকর্তার মতো আচরণ করার বিষয়ে উপাচার্যকে প্রশ্ন করেন। তবে উপাচার্য প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, 'আপনাদের এই বার্তা বিশ্ববিদ্যালয় পরিচালনায় সহায়তা করবে। অভিভাবকরা আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আপনাদের কথা শোনা আমাদের প্রয়োজন। একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।'
অভিভাবক ও নাগরিক সমাজের পক্ষ থেকে 'সিসিটিভি ফুটেজ জনসম্মুখে কেন প্রকাশ করা হচ্ছে না'- সেই প্রশ্ন তোলা হলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ বের করার জন্য পুলিশের সাহায্য চেয়েছেন তিনি।
এই প্রতিনিধি দলে আরও ছিলেন শিল্পী শহীদুল আলম, আইনজীবী হাসনাত কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দিন খান, রুশাদ ফরিদী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
স্মারকলিপি প্রদান শেষে অভিভাবকদের পক্ষে সুপ্রীমকোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, 'দেশের জনগণের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে। শিক্ষকদের বেতন-ভাতা হয়। আমরা উপাচার্যের কাছে জানতে চেয়েছি, তবু কেন আমাদের সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বারবার হামলার শিকার হচ্ছে।'
গত রোববার দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের অফিসে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২৪ জন আহত হন।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- ডাকসু
- ঢাবি ভিসি
