ক্যাসিনোকাণ্ডে শেখ মারুফকে দুদুকে তলব
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৮
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যাসিনোকাণ্ডে জড়িত থেকে বা বেআইনি কোনও পথে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য শেখ ফজলুর মারুফকে জিজ্ঞাসাবেদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত একটি নোটিসে তাকে আগামী ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
অভিযুক্ত মারুফ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের ছোট ভাই।
দুদকের নোটিসে বলা হয়েছে, ক্যাসিনোকাণ্ডে জড়িত ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে
সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে
বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও বেআইনি ক্যাসিনো চালিয়ে
অর্জিত শত শত কোটি টাকা বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের
অভিযোগের অনুসন্ধান চলছে। এ ক্ষেত্রে শেখ মারুফের বক্তব্য জানা একান্ত
প্রয়োজন।
এতে আরও বলা হয়, বক্তব্য দেওয়ার জন্য নির্ধারিত সময়ে হাজির না হলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে।
জানা গেছে, বেআইনি ক্যাসিনোর আস্তানা গুঁড়িয়ে দিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে আইন-শৃংখলা বাহিনীর অভিযান শুরু হয়। এর পরপরই ক্যাসিনোর সঙ্গে জড়িতদের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। গত ৩০ সেপ্টম্বর থেকে অনুসন্ধান চালিয়ে ক্যাসিনোকাণ্ডের ধারক-বাহকসহ সংশ্নিষ্টদের বিরুদ্ধে ১৯টি মামলা করেছে কমিশন।
সূত্র জানায়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকা ও
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত দুদক ১৭ জনের
বিরুদ্ধে ১৯টি মামলা করেছে। এবার শেখ মারুফের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলো। ক্যাসিনোকণ্ডে দুর্নীতির
অনুসন্ধান টিমের সার্বিক কার্যক্রম তদারক করেছেন পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
