ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

র‌্যাগিংয়ের ঘটনায় জাবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

র‌্যাগিংয়ের ঘটনায় জাবির ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত
×

ফাইল ছবি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৬:৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিংয়ের ঘটনায় ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে শনিবার সমকালকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে দেরি হয়েছে। রোববার এ বিষয়ে অফিসিয়াল আদেশ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলে তারা বলছেন- সম্প্রতি প্রথম বর্ষের শিক্ষার্থীরা র‌্যাগিং বিষয়ে মৌখিক অভিযোগ করে। পরে লিখিত আবেদনের মাধ্যমে তাদের অভিযোগ তুলে নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিক অভিযোগের উপর ভিত্তি করেই ১১জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তদন্ত কমিটির তদন্ত নিয়েও প্রশ্ন রয়েছে।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক রাশেদা আখতার বলেন, জার্নালিজমের ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে আমি কোনো কথাই বলব না। তদন্ত কমিটি করা হয়েছে। রিপোর্ট দিয়েছি। সিন্ডিকেট সিদ্ধান্তও নিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান বলেন, র‌্যাগিংয়ের বিষয়ে লিখিত কোনো অভিযোগ ছিল না। তারা মৌখিক যে অভিযোগ করেছে সেটার ভিডিও করা হয়েছে। সেই ভিডিওটাই আমলে নিয়ে সম্প্রতি তদন্ত কমিটি গঠন করে সিন্ডিকেট। দোষ প্রমাণিত হওয়ায় ১১ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, র‌্যাগিংয়ের বিষয় অন্যান্য যে কে বিষয় থেকে একটু ভিন্ন। আর প্রশাসন এ বিষয়ে সর্বদাই তৎপর। কেউ অভিযোগ না করলেও যদি প্রমাণিত হয় কেউ র‌্যাগ দিয়েছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে অভিযুক্তদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ১১ শিক্ষার্থীর আগামী ১৬ জানুয়ারি থেকে বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার কথা রয়েছে।

আরও পড়ুন

×