ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

উরুগুয়েকে আটকে বিদায়ের পথে ঠেলে দিল কেপ ভার্দে

উরুগুয়েকে আটকে বিদায়ের পথে ঠেলে দিল কেপ ভার্দে
×

উরুগুয়ের বাতিল হওয়া গোল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৬:১২ | আপডেট: ২২ জুন ২০২৬ | ০৬:২৮

চলতি বিশ্বকাপে নবাগত দল কেপ ভার্দের চমক যেন চলছেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে গোল শূন্য সমতা করতে বাধ্য করেছিল তারা। এবার ‘এইচ’ গ্রুপের আরেক শক্তিশালী ও দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলের সমতা করেছে দলটি। 

সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে লিড নিয়ে চমকে দিয়েছিল কেপ ভার্দে। ম্যাচের ২১ মিনিটে দলটির কেভিন পিনা বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের খাতা খোলেন। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠা উরুগুয়ে প্রথমার্ধে সমতার পাশাপাশি লিডও তুলে নিয়েছিল। 

ম্যাচের ৪৪ মিনিটে মেক্সিমিলিয়ানো আরাহো দলকে সমতায় ফেরান। সৌদির বিপক্ষে সমতা হওয়া ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে লিডে তুলে নেন আগুস্টিন কানোবিও। 

কিন্তু মার্সেলো বিয়েলসার দল ওই লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৬২ মিনিটে হেলিও ভারেলা কেপ ভার্দেকে সমতা এনে দিয়ে গ্যালারিতে থাকা অল্প ক’জন দর্শককে উচ্ছ্বাসে মাতান। পরবর্তীতে লিড নিতে ব্যর্থ হয় বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ম্যাচের ৭০ মিনিটে লা সেলেস্তেরা জালে বল পাঠিয়ে উল্লাস করলেও ভিএআর চেক করে তা বাতিল করে দেওয়া হয়। 

উরুগুয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। ওই ম্যাচে হারলে ফেদে ভালভার্দেদের গ্রুপ পর্বে বিদায় নিতে হবে। কারণ গ্রুপের তৃতীয় দল হিসেবেও মাত্র দুই পয়েন্ট নিয়ে নকআউট পর্বে যেতে পারবে না। গ্রুপের শেষ ম্যাচে কেপ ভার্দে ও সৌদি মুখোমুখি হবে। উরুগুয়ে স্পেনের বিপক্ষে হারলে সৌদি ও কেপ ভার্দে ম্যাচের জয়ী দল নকআউটে চলে যাবে। সমতা হলে কেপ ভার্দে উঠে যাবে নকআউটে। 

আরও পড়ুন

×