বেঁচে থাকার স্বার্থেই প্রকৃতিকে বাঁচাতে হবে: তথ্যমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ | ০৮:১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নগরায়ন ও আধুনিকায়নের নামে প্রতিদিন প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে। আমাদের জন্যই প্রকৃতিকে রক্ষা করতে হবে। আশা করি বর্তমানে প্রকৃতি রক্ষায় আমাদের দেশে যে সচেতনতা সৃষ্টি হয়েছে তা সামাজিক আন্দোলনে রূপ নেবে। প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচবো।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে ১০তম প্রকৃতি মেলা-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, আসন্ন ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে প্রথম থেকেই বিএনপি অভিযোগের বাক্স নিয়ে বসেছে। বিএনপি নেতারা প্রতিদিন সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ করছেন এবং নির্বাচনের পরেও তা করতে পারেন।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনের সময়ও দেখা গেছে বিএনপি নির্বাচনে জয়লাভের চেয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বেশি ব্যস্ত ছিল। বিএনপি নেতাদের অনুরোধ করবো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নয় বরং গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রকে সমুন্নত রাখতে, জয়ের মানসে নির্বাচনে অংশগ্রহণ করুন।
বিএনপির একজন কাউন্সিলরকে পুলিশের গ্রেফতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান বলেন, কারো বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা এবং ওয়ারেন্ট থাকে তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী যে কোন সময় গ্রেফতার করতে পারে। সে আওয়ামী লীগ কিংবা বিএনপি বা যে দলেরই হোক না কেন।
- বিষয় :
- তথ্যমন্ত্রী
- ড. হাছান মাহমুদ
