ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে হাইকোর্টের রুল

ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে হাইকোর্টের রুল
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১ | ০৮:০০ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ | ০৮:০০

চট্রগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

পাশাপাশি কোন উন্নয়নমুলক কাজ চলাকালীন পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ (সিসিক) সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে হবে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। 

এছাড়া চট্টগ্রামের যেখানে ড্রেনে পড়ে সাদিয়া মারা গেছেন, সেখানকার প্রকৃত অবস্থা কেমন-এ বিষয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৫ নভেম্বর সাদিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষতিপুরণসহ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও মো. শাহীনুজ্জামান।

গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নানা ও মামার সঙ্গে চশমা কিনে বাসায় ফেরার পথে চট্টগ্রামের আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি পা ফসকে নাছিরছড়া খালে পড়ে গিয়ে নিখোজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। এর পাঁচ ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়। সাদিয়া চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

×