পলিটেকনিকে ৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৯:১৬
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষক সংকট দূর করতে শিগগিরই দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সাত হাজার শিক্ষক নিয়োগ করা হবে। যত্রতত্র অনার্স খুলে আমরা শিক্ষিত বেকার তৈরি করে ফেলেছি। আমরা আর শিক্ষিত বেকার তৈরি করতে চাই না। তাই সরকার কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করতে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন-২০২০ ও ২৪তম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আলতাফ আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বুলবুল আক্তার এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি একেএমএ হামিদ প্রমুখ।
